breakpoint.

আমাদের পদ্ধতি

কীভাবে আমরা তুলনা করি

আমরা কোর্স বিক্রি করি না — সঠিক তথ্য দিই। তথ্য কোথা থেকে আসে, কতবার মেলানো হয়, আর “সেরা” তালিকা কীভাবে তৈরি হয়, সবটা এখানে সোজা ভাষায় লেখা।

তথ্য কোথা থেকে আসে

প্রতিটি কোর্সের ফি, লেসন, সময়কাল, ভাষা আর বিবরণ আসে প্রোভাইডারের নিজের পাবলিক ওয়েবসাইট থেকে। ফি বা বিবরণ আমরা নিজে লিখি না।

আমাদের নিজস্ব সার্ভারে একটি প্রোগ্রাম এই পাতাগুলো পড়ে। প্রতিটি সাইটের robots.txt মানা হয় — যেখানে অনুমতি নেই, সেখানে যাওয়াই হয় না। প্রোগ্রামটি নিজের পরিচয় (BreakpointBot) জানিয়ে যায়, আর এক সাইটে দুই সেকেন্ডে একটির বেশি অনুরোধ করে না।

এখন আমরা দুটি প্রোভাইডারের কোর্স দেখাই: Ghoori Learning ও Bohubrihi। আরও প্রোভাইডার যোগ করার কাজ চলছে; পুরো তালিকা ঠিকমতো পড়া যায় কি না পরীক্ষা করার পরই একটি প্রোভাইডার যোগ হয়।

কোনো পড়া অসম্পূর্ণ বা ফাঁকা এলে সেটা আমাদের তালিকায় ঢোকে না; আগের ভালো তথ্যই থাকে।

কত ঘন ঘন হালনাগাদ হয়

আমাদের সার্ভার প্রতি ঘণ্টায় দেখে কোন প্রোভাইডারের পালা এসেছে। এখন প্রতিটি প্রোভাইডারের পুরো কোর্স-তালিকা দিনে একবার নতুন করে পড়া হয়।

ফি বদলালে পরের পড়ায় তা আমাদের তালিকায় উঠে আসে। তাই ভর্তির আগে প্রোভাইডারের নিজের পাতায় ফি একবার মিলিয়ে নিন — সেখানকার তথ্যই চূড়ান্ত।

“যাচাইকৃত” মানে কী

কোনো কোর্সের পাশে ✓ যাচাইকৃত দেখা গেলে বুঝবেন, গত ৭ দিনের মধ্যে আমাদের প্রোগ্রাম প্রোভাইডারের সাইটে কোর্সটি দেখেছে এবং তখনকার ফি ও তথ্য আমাদের তালিকায় তুলেছে।

এর মানে তথ্য সম্প্রতি মেলানো হয়েছে। এর মানে কোর্সটি ভালো, এমন নয় — কোনো মানুষ কোর্সটি করে দেখেছেন, তাও নয়।

একটি কোর্সের তথ্য সময়ের সঙ্গে যেভাবে বদলায়

  1. যাচাইকৃত

    ০ থেকে ৭ দিন

    প্রোভাইডারের সাইটে সম্প্রতি দেখা গেছে। ✓ চিহ্ন দেখানো হয়।

  2. যাচাই প্রয়োজন

    ৭ থেকে ৩০ দিন

    এতদিন সাইটে দেখা যায়নি। কোর্সটি তালিকায় থাকে, তবে ✓ ছাড়া, “যাচাই প্রয়োজন” লেখা সহ।

  3. তালিকা থেকে সরানো

    ৩০ দিনের পর

    কোর্সটি আর তালিকা বা তুলনায় আসে না। পুরোনো লিঙ্কে গেলে জানানো হয় কোর্সটি আর নেই, সঙ্গে বিকল্প কোর্স দেখানো হয়।

কোর্স কোন বিষয়ে পড়ে

“IELTS”, “গ্রাফিক ডিজাইন”-এর মতো বিষয়ের পাতায় কোন কোর্স আসবে, তা ঠিক হয় দুই উপায়ে: প্রোভাইডার নিজে যে ট্যাগ দিয়েছে, আর আমাদের লেখা কিছু শব্দ-নিয়ম।

  • নিয়ম চলে কোর্সের নামে, বাংলা ও ইংরেজি দুটোতেই। কোর্সের বিবরণ পড়া হয় না।
  • প্রোভাইডারের ট্যাগ গোনা হয় তখনই, যখন পুরো ট্যাগটাই কোনো নিয়মের শব্দের সঙ্গে মেলে।
  • সিলেবাসের বিষয়-শব্দ গোনা হয় তখনই, যখন অন্তত দুটি আলাদা শব্দ মেলে।
  • স্কুল-কলেজ বা ভর্তি প্রস্তুতির কোর্স (যেমন HSC ব্যাচ) আলাদা ধরা হয়; তাতে শব্দ-নিয়ম চলে না।

নিয়মগুলো স্বয়ংক্রিয়, তাই ভুল হতে পারে। দ্বিধায় থাকলে আমরা সতর্ক দিকটা বেছে নিই: ভুল বিষয়ে একটি কোর্স দেখানোর চেয়ে একটি কোর্স বাদ পড়া ভালো। ভুল চোখে পড়লে জানান।

“সেরা” তুলনা কীভাবে বাছাই হয়

“সেরা কোর্স” পাতাগুলো কারও মতামত নয়। কোনো বিষয়ে অন্তত ৩টি কোর্স থাকলেই তুলনা দেখানো হয়, কম থাকলে নয়। বাছাই হয় শুধু কোর্সের তথ্য থেকে, একটি নির্দিষ্ট নিয়মে — পাঁচ ধরনের পুরস্কার:

  • সেরা ফ্রি — ফ্রি কোর্সের মধ্যে সার্টিফিকেটসহ কোর্স আগে, তারপর বেশি লেসন ও বেশি সময়ের কোর্স।
  • সবচেয়ে কম ফি — পেইড কোর্সের মধ্যে বর্তমান ফি যেটার সবচেয়ে কম।
  • সবচেয়ে বেশি সাশ্রয় — তালিকা মূল্যের চেয়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি ছাড়।
  • সবচেয়ে বেশি কনটেন্ট — সবচেয়ে বেশি লেসন; লেসনের তথ্য না থাকলে সবচেয়ে বেশি সময়।
  • সবচেয়ে জনপ্রিয় — প্রোভাইডারের জানানো ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি।

সবচেয়ে কম ফি, বেশি কনটেন্ট আর জনপ্রিয় — এই তিনটি তখনই দেওয়া হয়, যখন অন্তত দুটি কোর্সে সেই তথ্য আছে। সমান সমান হলে আগে তালিকাভুক্ত কোর্স এগিয়ে থাকে। একটি কোর্স একাধিক পুরস্কার পেতে পারে; পাশের ক্রমিক সংখ্যা কোনো র‍্যাঙ্কিং নয়।

ভর্তির সংখ্যা প্রোভাইডারের নিজের দেওয়া — এটা আমরা যাচাই করতে পারি না। আমাদের সাইটে এখন কোনো শিক্ষার্থীর রিভিউ বা রেটিংও নেই, তাই তুলনায় সেসব ধরা হয়নি।

এই তুলনাগুলো এখন পুরোপুরি নিয়মে তৈরি; কোনো মানুষ সম্পাদক আলাদা করে এগুলো পর্যালোচনা করেননি। তাই আমরা কোনো কোর্সকে “সেরা সামগ্রিক” বলি না। ভবিষ্যতে সম্পাদকের বাছাই যোগ হলে তা “সম্পাদকের বাছাই” নামে আলাদা করে চিহ্নিত থাকবে।

আমরা কোর্স বিক্রি করি না

আমরা কোর্স বিক্রি করি না — সঠিক তথ্য দিই

আমরা কোনো কোর্স বিক্রি করি না, ভর্তিও করাই না। “কোর্সটি দেখুন” চাপলে আপনি প্রোভাইডারের নিজের পাতায় যান; ভর্তি আর টাকা দেওয়া সেখানেই।

এখন কোনো পেইড প্লেসমেন্ট নেই। কোনো প্রোভাইডার টাকা দিয়ে তালিকায় ওপরে ওঠে না, আর তুলনার নিয়ম সব কোর্সের জন্য এক।

যা আমরা করতে পারি না

  • কোর্সের মান বিচার করি না। কোর্স ভালো না মন্দ, তা আমাদের তথ্যে নেই।
  • তথ্য স্বয়ংক্রিয়ভাবে পড়া হয়, তাই কখনো ভুল বা পুরোনো থাকতে পারে। ভর্তির আগে প্রোভাইডারের পাতায় ফি মিলিয়ে নিন।
  • সব প্রোভাইডার এখনও যোগ হয়নি। এখানে কোনো কোর্স না থাকা মানে সেটি নেই, এমন নয়।

ভুল দেখলে জানান

প্রতিটি কোর্সের পাতায় “ভুল তথ্য জানান” লিঙ্ক আছে। ফি, তারিখ বা বিবরণ প্রোভাইডারের সাইটের সঙ্গে না মিললে কয়েক লাইনে জানান; আমরা প্রোভাইডারের পাতার সঙ্গে মিলিয়ে দেখি।

ভুল তথ্য জানান